হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দুজন বরিশালের ও একজন ঢাকার বিভাগের। এছাড়া বাকি দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তারা দুজনই ঢাকা বিভাগের।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে এক হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১২৭ জন।
আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ২৪৩ জন।
আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে সন্দেহজনক ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৭৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৬৫ জন।