চার নতুন মুখ ও নতুন কোচ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্বে থাকবেন শান মাসুদই।
এই সিরিজে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। কয়েক মাস ধরে টেস্ট দলের প্রধান কোচের পদটি শূন্য ছিল। সরফরাজ আহমেদকে ঘিরে প্রধান কোচ হওয়ার গুঞ্জন চললেও শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিয়েছে।
বাংলাদেশ সফরের এই স্কোয়াডে নতুন চার মুখকে সুযোগ দিয়েছে পাকিস্তান। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
দলের প্রস্তুতির অংশ হিসেবে আজান আওয়াইস, ইমাম-উল-হক, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী এবং সাজিদ খান বর্তমানে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) লাল বলের ক্যাম্পে রয়েছেন।
এছাড়া স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিচ্ছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজের আগে করাচিতে একটি বিশেষ প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্প শুরু হবে ২৭ এপ্রিল এবং চলবে ১ মে পর্যন্ত। ক্যাম্প শেষ করে ২ মে বাংলাদেশে রওনা দেবে পাকিস্তান দল।
পিএসএলে খেলা ক্রিকেটাররা নিজেদের দলের খেলা শেষ করে ক্যাম্পে যোগ দেবেন। কোনো ক্রিকেটার যদি পিএসএলের ফাইনালে ওঠেন, তবে টুর্নামেন্ট শেষ করে সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে ১৬ মে।
এই সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আসাদ শফিক, আর বোলিং কোচ হিসেবে আছেন উমর গুল।
বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের টেস্ট দল
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি।