ঢাকা, বাংলাদেশ

নতুন শর্তে এবার লোহিত সাগর বন্ধ করার হুমকি ইরানের

প্রকাশিত :

আন্তর্জািতিক ডেস্ক : ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি করা নৌ-অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সামরিক বাহিনী। বুধবার (১৫ এপ্রিল) দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে একে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।


আবদুল্লাহি আরও বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিত সাগরে কোনো ধরনের আমদানি-রপ্তানি চলতে দেবে না। জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় ইরান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

গত শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে ওয়াশিংটন। তবে এই অবরোধের মধ্যেই মঙ্গলবার বেশ কিছু জাহাজকে ইরানি বন্দর থেকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেখা গেছে।

আজ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির দক্ষিণ দিকের বন্দরগুলো থেকে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বেশ কিছু ইরানি বাণিজ্যিক জাহাজ বিশ্বের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে দাবি করেছে তাসনিম নিউজ।

প্রসঙ্গত, গত শনিবার ইসলামাবাদে প্রায় ২০ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধের ঘোষণা দেন। গত সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এই অবরোধ শুরু হয়।

যুগশঙ্খ